Wednesday , 19 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বেশি মুনাফার প্রলোভনে ৬০০ কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 19, 2025 11:07 pm

নিজস্ব প্রতিবেদক :

বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা মো. নাজিম উদ্দিন তনুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর মাধ্যমে বেশি লাভের লোভ দেখিয়ে শত শত গ্রাহকের আমানত হাতিয়ে নিচ্ছিল এ চক্র।

তিনি জানান, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় অবস্থিত এ এনজিওতে সঞ্চয়, মাসিক ডিপিএস, এককালীন ঋণ ও আমানত গ্রহণের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হতো। প্রতি এক লাখ টাকার বিপরীতে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। প্রথম দিকে কিছু গ্রাহককে লভ্যাংশ দেওয়া হলেও পরে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে দরিদ্র জনগোষ্ঠীসহ অনেককে বিনিয়োগে উৎসাহিত করা হয়।

বাদীর এজাহারে উল্লেখ করা হয়, তার আমানত ছিল ২০ লাখ টাকা, আর মোট গ্রাহকদের আমানত ছিল প্রায় ১৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন নাজিম উদ্দিন তনু।

সিআইডি কর্মকর্তারা জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অসচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা টাকা উত্তোলন করতে না পেরে অভিযোগ করলে পরিচালক তনু সময় চেয়ে নেন। পরে ২০২৪ সালের নভেম্বরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে এবং শেষ পর্যন্ত জানিয়ে দেয়, কোনো প্রকার অর্থ ফেরত দেওয়া হবে না। পরে ভুক্তভোগীরা নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৮০০ এর বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। মামলার ঘটনায় এখন পর্যন্ত নাজিম উদ্দিন তনুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সর্বশেষ - রাজনীতি