জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি :
সবুজে বাঁচার স্বপ্ন আর নির্মল পরিবেশের প্রত্যাশায় নেত্রকোনায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে আজ ( ২০ সেপ্টেম্বর) পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুধু চারা রোপণ নয়, গাছের পরিচর্যার মধ্য দিয়েই বৃক্ষরোপণের সার্থকতা—এমন আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ।
একটি চারা, একটি সম্ভাবনা। আজকের ছোট্ট চারাটিই একদিন হয়ে উঠতে পারে ছায়াঘেরা বৃক্ষ—এমন প্রত্যাশা নিয়েই নেত্রকোনা পুলিশ লাইনে আয়োজন করা হয় চারা বিতরণ অনুষ্ঠানের।
পুলিশ নারী কল্যাণ সমিতি—পুনাক, নেত্রকোনার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
পরে পুলিশ লাইন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। ছোট্ট হাতে চারা নিয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল সবুজ ভবিষ্যতের প্রত্যাশা।
“শুধু গাছ লাগালে চলবে না। গাছের যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। তাহলেই গাছ লাগানো বা বৃক্ষরোপণের সফলতা আসবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ময়মনসিংহ রেঞ্জ: ডিআইজি জাহিদুল হাসান বিপিএম-সেবা এসব কথা বলছিলেন।
আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেয়ার মধ্য দিয়ে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি করতে চান তারা।
অনুষ্ঠানে পুলিশ লাইনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ লাইন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একটি চারা মাটিতে শেকড় ছড়ায়, আর তার সঙ্গে বেড়ে ওঠে সবুজের স্বপ্ন। সেই স্বপ্নকে আরও বিস্তৃত করতেই পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। এখন এই চারাগুলো কতটা বড় হয়ে উঠবে, তা নির্ভর করবে তাদের যত্ন আর পরিচর্যার ওপর।


















