নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের গ্যালারিতে উপস্থিত আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুশল বিনিময়ের পাশাপাশি, জুলাই আন্দোলনের সময় তাদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
রবিবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতির সময় এ ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশন দেখতে ওইদিন ৫৩ জন আহত জুলাই যোদ্ধা সংসদ ভবনে আসেন।
অধিবেশন বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে এমপিদের উদ্দেশে বলেন, আজ আমাদের সংসদ অধিবেশনে আহত জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন। আমরা জানি, জুলাইয়ে তাদের কী ভূমিকা ছিল। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।
তার বক্তব্যের পর সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বাম পাশে ভিআইপি গ্যালারিতে বসে থাকা আহত যোদ্ধারাও দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা গ্যালারিতে গিয়ে তাদের জানান, অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে উপস্থিত যোদ্ধাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
ঘোষণার প্রায় ৫ মিনিট পর প্রধানমন্ত্রী গ্যালারিতে যান এবং একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অনেকের কাঁধে ও মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। কয়েকজন যোদ্ধা জুলাইয়ের আন্দোলনে তাদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ সময় কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে নিজেদের দুর্দশার কথা বর্ণনা করলে গ্যালারিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সংসদের ভিআইপি গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।


















