ঠাকুরগাঁও প্রতিনিধি :
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না। যে সংস্কার চায় সে ‘হ্যাঁ’ ভোট দেবে, আর যে সংস্কার চায় না সে ‘না’ ভোট দেবে।
তিনি বলেন, ‘আর মাত্র তিনদিন। তিনদিন পরেই সিদ্ধান্ত হবে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে।’
রোববার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।
ফখরুল বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থা না হোক, আগের মতো সরকার ফ্যাসিস্ট না হোক- এটাই আমরা চাই।
সনাতন ধর্মের ভোটারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কনোন খারাপ লোক এসে আপনাদের ওপর অত্যাচার করবে এটার যেন আর কোনোদিন সাহস না পায়। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। তার মাধ্যমে এদেশের কোনো ক্ষতি হতে পারে না। তিনি সবসময় উন্নয়নের কথা চিন্তা করেন। এজন্যই তিনি নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষিকার্ড প্রদান করবেন। কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করবেন। নারীদের এনজিওর টাকা এক বছরের জন্য মওকুফ করবেন। এছাড়াও ধারাবাহিক উন্নয়ন তিনি চালিয়ে যাবেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জগনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতা-কর্মীরা।


















