শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৮, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করতে যাচ্ছে সরকার। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে এবং তা নিবিড়ভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এলাকাভেদে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাধীন পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

অন্যদিকে, জেলা ও বিভাগীয় শহরের (মেট্রোপলিটন বাদে) পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ (ডিসি)। উপজেলা পর্যায়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারদেরকে (ইউএনও)।

সভার সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ আছে যে, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এ সম্পর্কিত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট সকল দপ্তর/ সংস্থাকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি