নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ড. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় জড়িত মূল আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মঈন উদ্দিন মঈন, মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ১০ এপ্রিলএকদল দুস্কৃতিকারী ও চাঁদাবাজ সিকেডি হাসপাতালে গিয়ে চাঁদা দাবি এবং হাসপাতালের সামনে মব সৃষ্টির চেষ্টা করে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় ঘটনাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে র্যাব অভিযান শুরু করে। এ ঘটনার মূলহোতা মঈন উদ্দিন মঈনকে নড়াইল থেকে এবং তার আরও ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান। তাঁরা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে তাঁরা ওই হাসপাতালে যান।
















