নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশিন বিভাগের উপপুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই রফিকুল ইসলাম বলেন, গত ১৬ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন বিচারক আসামিকে কারাগারে প্রেরণ করে রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
রফিকুল ইসলাম আরও বলেন, আজ রিমান্ড শুনানি উপলক্ষে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপরে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
পুলিশের করা রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে অন্যান্য আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন এলোমেলো কথাবার্তা বলে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম, ঠিকানা, অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও আসামির ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও ডিজিটাল যোগাযোগের তথ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৫ মার্চ সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে সালামকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে বলা হয়, আসামি মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।


















