নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আদাবর থানার আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা চেয়ে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কিশোর গ্যাং নেতা রোহান খাঁন রাসেল (৩০) সহ ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারখানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আবির এমব্রয়ডারির মালিক জহির আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যবসায়ীদের অভিযোগ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানার মালিক ও কয়েকজন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কালা রাসেল খ্যাত রাসেলের নেতৃত্বাধীন একদল কিশোর গ্যাং। ঘটনার প্রতিবাদে আদাবর থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি কারখানার ব্যবসায়ী ও শ্রমিকরা।
কারখানার ব্যবসায়ী ও শ্রমিকরা বলেন,‘ওদের অন্য কোনো পরিচয় নেই। যখন যে সরকার থাকে তার ফায়দা নিয়ে তাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা।’
















