অপরাধচিত্র ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন ভবিষ্যতে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, আমি বিশ্বাস করি, এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতার অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফল বা দায় কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
তা দেশ ও জনগণের মধ্যে প্রতিফলিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস সংশ্লিষ্ট সবার ভূমিকা মূল্যায়ন করে।
তিনি বলেন, জাতির এই সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হিসেবে প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল, গণতান্ত্রিক চর্চা এবং জনগণের আস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রত্যাশা জানিয়ে অলি আহমদ বলেন, যুক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে উঠে তিনি দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
বিশেষ করে গণভোটে জনগণ রাষ্ট্রীয় সংস্কারের যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে রাষ্ট্রপতির নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান দেশবাসী প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলেও জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম শেষ হবে না। রাষ্ট্রীয় পদ বা নির্বাচনী ফলাফলের ঊর্ধ্বে দেশ ও জনগণের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে।
অলি আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল থাকার প্রত্যাশা করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সমগ্র জাতির ঐক্য, মর্যাদা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন এটাই সকলের প্রত্যাশা।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। মহান আল্লাহ তাকে গুরুদায়িত্ব পালনে সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেন।

















