বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জানুয়ারিতে সড়কে নিহত ৪৮৭ জন

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৮৭ জন। একই সময়ে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সংগঠনটি জানায়, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ। এছাড়া ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। একই সময়ে ৪১টি রেলপথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৭ জন।

যানবাহনভিত্তিক হিসেবে নিহতদের মধ্যে রয়েছেন, মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টরের আরোহী ২৮ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জিপের আরোহী ৯ জন, থ্রি-হুইলার যাত্রী ৭৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ জন এবং বাইসাইকেল আরোহী ১১ জন।

দুর্ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, ১৩৫টি মুখোমুখি সংঘর্ষ, ২০৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭২টি যানবাহনের পেছনে আঘাত এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৪১ জন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, নির্ধারিত কর্মঘণ্টা ও বেতন কাঠামোর অভাব, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষর সক্ষমতার ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণপরিবহনে চাঁদাবাজিকেও একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংগঠনটি দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, মহাসড়কে সার্ভিস রোড ও রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের সুপারিশ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে সড়ক দুর্ঘটনার এই উদ্বেগজনক প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - রাজনীতি