সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে : মহাপরিচালক

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শ শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় স্থানীয় সিভিল প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

মহাপরিচালক বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখে সারা দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ বিবেচনায় দেশের ৩০০ সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখবে বলেও তিনি জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন— সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

এসময় সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এছাড়াও সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় বেইজ ক্যাম্পে নিয়োজিত বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

 

সর্বশেষ - রাজনীতি