ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এশিয়া পোস্ট
দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়ায় এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত হয় ‘সলেমান সোলার সেচপাম্প’ শীর্ষক এ অনুষ্ঠান।
মির্জা ফখরুল বলেন, কৃষকের সেচ ব্যয় কমাতে ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এ উদ্ভাবন কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সৌর শক্তিচালিত সেচব্যবস্থার ব্যবহার বাড়লে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাও সহজ হবে।
এলজিআরডি মন্ত্রী বলেন, সলেমান আমাদের দেশের গর্ব। সরকারের পক্ষ থেকে তার উদ্ভাবিত সোলার সেচপাম্প দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে এবং এর সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে।
অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
সোলার সেচপাম্পের উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা মূল লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

















