কক্সবাজার ব্যুরো: কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ গুলির শব্দে প্রাণভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, ইয়াবা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুন্না।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিবর্ষণের সময় মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুই জনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জিসান ও শমসুকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়নাল আবেদিন। তিনি দাবি করেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না।
তার ভাষ্য, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


















