জাফর আলম,কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন সংগ্রহ করছে এরপর দুর্গম পাহাড়ের আস্তানায় আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি শারীরিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে। ভুক্তভোগীদের ভাষ্য এসব আস্তানায় ভারী অস্ত্র নিয়ে সক্রিয় রয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও।
বৃহস্পতিবার(৫ নভেম্বর মাসে পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হন। অভিযানে ৬ রোহিঙ্গাসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে কীভাবে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের অপহরণ করে পাহাড়ের বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ওপর চালানো হতো নির্যাতন দাবি করা হতো লাখ লাখ টাকা মুক্তিপণ উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের দাবি এসব আস্তানায় ৪০টিরও বেশি ভারী অস্ত্র রয়েছে চক্রের সদস্যদের বড় একটি অংশ মিয়ানমারের নাগরিক। উদ্ধার হওয়া ফরিদপুরের শান্তা উপজেলার কলাগাছিয়া গ্রামের এসএম আসাদুজ্জামান জানান কক্সবাজারে কাজ করার সুবাদে তিনজন রোহিঙ্গার সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে তারা তাকে টেকনাফের পাহাড়ি এলাকায় নিয়ে যান।
সেখানে তাকে ১০ হাজার টাকায় অন্যদের কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। উদ্ধার হওয়া কয়েকজনের অভিযোগ অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিত নির্যাতন করা হতো। এমনকি নামাজ আদায় করতে গেলেও নির্যাতনের মাত্রা বেড়ে যেত। তাদের দাবি আস্তানায় প্রায় ৪০ জন সশস্ত্র সদস্য ছিল কেফাইয়্যা নামের এক দালালসহ আরও পাঁচ ছয়জন এই চক্রের সঙ্গে জড়িত।
অপরিচিত পাহাড়ি এলাকায় চোখ বেঁধে অস্ত্রের মুখে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। অপহরণ মুক্তিপণ আদায় ও মানবপাচারের ঘটনায় দীর্ঘদিন ধরেই অস্থির উখিয়া টেকনাফ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রোহিঙ্গারাও এসব অপরাধী চক্রের ঝুঁকিতে রয়েছেন। একদিকে নিজ দেশে প্রত্যাবাসন অনিশ্চিত অন্যদিকে শিবিরের জীবন নিয়ে হতাশা এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে পাচারকারীরা
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, শীতকালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের পানি তুলনামূলক শান্ত থাকে। এ কারণে এ সময়ে অবৈধ সমুদ্রযাত্রার প্রবণতা বাড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় আন্তঃদেশীয় মানবপাচার চক্র এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা।
মানবপাচার চক্র নির্মূলে ফের যৌথ বাহিনীর অভিযান:
টেকনাফের দুর্গম পাহাড়ে মানবপাচার চক্রের আস্তানা ও বন্দিশালা নির্মূলে আবারও সাঁড়াশি অভিযান শুরু করেছেন যৌথ বাহিনী।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গীখালীর দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের দেড় শতাধিক সদস্য অংশ নেন।
মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার:
টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়া পাচারের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই দিন বিকেল ৫টার দিকে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লম্বরীঘাট এলাকায় নিয়ে আসা হচ্ছে।
খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল বিকেল সাড়ে ৫টায় ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবি নৌকাটিকে ধাওয়া করে।
একপর্যায়ে মানবপাচার চক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।উদ্ধারকৃতরা হলেন -আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) এবং জাহিদ আলম (১৮)।এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মানবপাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর।
সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।উদ্ধারকৃত ৯ জনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
১৫ বছর ধরে ছেলের অপেক্ষায় মা:
মানবপাচারের নির্মম পরিণতির সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের ৮০ বছরের সুরা খাতুন। প্রায় ১৫ বছর আগে দালালদের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন তার ছেলে মোহাম্মদ আলী। এরপর আর ফেরেননি।
স্ত্রী ও তিন সন্তান রেখে জীবিকার আশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মোহাম্মদ আলী। কিন্তু সেই যাত্রাই তার পরিবারের জন্য হয়ে ওঠে অনিশ্চয়তার শুরু। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন কি না—আজও নিশ্চিত নয় পরিবার। কেউ কেউ ধারণা করছেন, সাগরেই হয়তো তার মৃত্যু হয়েছে। তবুও ছেলের ফেরার আশায় দরজার দিকে তাকিয়ে থাকেন বৃদ্ধা মা।
১৭ জন উদ্ধার, পালিয়ে যায় পাচারকারীরা:
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করে এসআরবি-১৫। বাহিনীর মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, বিদেশে পাঠানোর কথা বলে তাদের সেখানে জড়ো করা হয়েছিল। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আরেক অভিযানে উদ্ধার ২০:
এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গা নাগরিক। একই দিনে বাহারছড়া উপকূলীয় এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুই বাংলাদেশিকে উদ্ধার করে কোস্টগার্ড। দুই দফা অভিযানে মোট ৩৭ জন উদ্ধার হলেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টার্গেটে স্থানীয় যুবক, রোহিঙ্গা নারী:
অনুসন্ধানে স্থানীয় সূত্রগুলো জানায়, পাচারকারীদের টার্গেটে রয়েছে বেকার যুবক, নিম্নআয়ের মানুষ ও রোহিঙ্গা জনগোষ্ঠী। উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবন কিংবা অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে।
বিশেষ করে রোহিঙ্গা নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর একটি প্রবণতার কথাও জানিয়েছেন উখিয়ার কয়েকজন রোহিঙ্গা মাঝি। সূত্রের দাবি, সম্ভাব্য ভিকটিমের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রেখে বিশ্বাস অর্জন করা হয়। এরপর ছোট ছোট দলে ভাগ করে নির্দিষ্ট স্থানে এনে জড়ো করা হয়। সুযোগ বুঝে ছোট নৌযানে করে গভীর সাগরে অপেক্ষমাণ বড় ট্রলারে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে।
পাহাড় থেকে সাগর—বদলেছে কৌশল:
স্থানীয় সূত্রের দাবি, বাহারছড়ার হাজমপাড়া, মারিশবনিয়া, কচ্ছপিয়া ও নোয়াখালীপাড়া এলাকার দুর্গম পাহাড় ও উপকূলীয় অঞ্চল ব্যবহার করে বিভিন্ন সময় লোকজনকে জড়ো করা হয়। উখিয়ার মনখালী ও চোয়াংখালীসহ টেকনাফের বিভিন্ন দুর্গম উপকূলীয় এলাকাও পাচারের সম্ভাব্য রুট হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত।
অভিযোগ রয়েছে, স্থানীয় দালালরা প্রথমে ভিকটিম সংগ্রহ করে। পরে তাদের অন্য দালালদের কাছে হস্তান্তর করা হয়। শেষপর্যায়ে ট্রলার নিয়ন্ত্রণকারী চক্রের মাধ্যমে গভীর সাগরে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে অর্ধশতাধিক সদস্যের অভিযোগ:
মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছৈয়দুল হক প্রকাশ লেং ছৈয়দ, আব্দুল আলী, কেফায়েত উল্লাহ, ফেরদৌস, জসীম ও মুজিবসহ বেশ কয়েকজনের নাম স্থানীয় বিভিন্ন সূত্রে উঠে এসেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের আরও বহু ব্যক্তি বিভিন্ন পর্যায়ে এই নেটওয়ার্কে যুক্ত রয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতের রায় বা সংশ্লিষ্ট মামলার নথি ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও যাচাই করা প্রয়োজন। স্থানীয়দের আরও অভিযোগ, কোনো কোনো ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর জামিনে বেরিয়ে ফের একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
মিয়ানমারে নির্যাতনের অভিযোগ:
মানবপাচারের সঙ্গে যুক্ত আরেকটি ভয়াবহ অভিযোগ হলো—ভিকটিমদের জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায়। একাধিক সূত্রের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম এলাকায় পাচারকারীদের নিয়ন্ত্রিত কিছু আস্তানা রয়েছে। সেখানে ভিকটিমদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন ও নির্ভরযোগ্য যাচাই প্রয়োজন।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, মানবপাচারের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, শীত মৌসুমে মানব পাচারকারীদের তৎপরতা তুলনামূলকভাবে বেড়ে যায়।
বিষয়টি বিবেচনায় রেখে মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে টেকনাফে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাদক কিংবা মানব পাচারকারীরা অপরাধ সংঘটনের চেষ্টা করলে এই ক্যাম্পের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে। পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি টেকনাফের অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করতেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মানব পাচারের পাশাপাশি অনিয়মিত সমুদ্রযাত্রায় প্রাণহানির ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য বছরটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই বছর ৬ হাজার ৫০১ জন রোহিঙ্গা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে ৮৯২ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া চলতি বছরের ৮ এপ্রিল আন্দামান সাগরে প্রায় ২৮০ যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ৩৩ জনকে হত্যার অভিযোগ ওঠে। জুনের শেষ দিকে এবং ৮ জুলাই মিয়ানমার উপকূলে আরও দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চয়তা, জীবিকার সংকট, শীত মৌসুমে সমুদ্রযাত্রার অনুকূল পরিবেশ এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের তৎপরতা-সব মিলিয়ে মানব পাচারের ঝুঁকি বাড়ছে। তাই সীমান্তে নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি পাচারকারী চক্রের অর্থায়ন, যোগাযোগের নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক যোগসূত্র শনাক্ত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত না হলে এই অপরাধের চক্র ভাঙা কঠিন হবে।


















