শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আটকৃতরা হলেন-আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের আমির হোসেনের ছেলে মোরসালিন (২২) ও আব্দুর রহমান রহিমের ছেলে রনি (২৮)
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এ সময় রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
এদিকে, ঘটনার পর মানুষের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ওজনরা দৌড়ে পালাতে দেখে তাদেরকে আটক করা হয়। পরে আরএনবি সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।
অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


















