Wednesday , 11 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

প্রতিবেদক
Newsdesk
November 11, 2026 2:23 pm

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ক্রয় করা সাড়ে তিন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন শিরিনা জেসমিন নামে এক নারী। জমিতে ছাপড়া ঘর নির্মাণ, পরিবারের সদস্যদের হুমকি এবং চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।
লিখিত বক্তব্যে শিরিনা জেসমিন জানান, তিনি মধুপুর উপজেলার টেংরী গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে।

২০১৩ সালে একই গ্রামের আজাহার আলীর কাছ থেকে তিনি সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। জমিটি টেংরী মৌজার আরএস খতিয়ান নম্বর ৪২ ও ৪৬৮, ডিপি নম্বর ১০৭, নামজারি খতিয়ান নম্বর ৪৩৩ এবং আরএস দাগ নম্বর ১৭৫-এর অন্তর্ভুক্ত ১৮ শতাংশ জমির অংশ বলে দাবি করেন তিনি। জমি কেনার পর যথাযথভাবে নামজারি সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বলেও জানান।

তার অভিযোগ, বর্তমানে আলী আকবর, আজাহার আলীর মেয়ে কল্পনা, তার ছেলের স্ত্রী ফাতেমা বেগমসহ কয়েকজন ওই জমিতে জোরপূর্বক ছাপড়া ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। নির্মিত ঘর সরিয়ে নিতে বললে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আলী আকবরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিরিনা জেসমিন আরও দাবি করেন, আলী আকবরের বক্তব্য অনুযায়ী, তার স্ত্রী সেলিনা আক্তার ২০২৬ সালে আজাহার আলীর ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় পৌনে তিন শতাংশ জমি কিনেছেন। অথচ তিনি ২০১৩ সালে জমির মূল মালিক আজাহার আলীর কাছ থেকেই জমিটি ক্রয় করেছেন। আজাহার আলী জীবিত থাকতেই তাকে জমি দলিল করে দিয়েছেন। এ অবস্থায় একই জমি পরবর্তী সময়ে অন্যের কাছে বিক্রির দাবি কীভাবে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আলী আকবর ও তার লোকজন তাদের ক্রয়কৃত এবং দীর্ঘদিনের ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি এলাকায় সামাজিক বিরোধ ও অশান্তির সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিরিনা জেসমিন বলেন, তারা শান্তিপ্রিয় মানুষ। কোনো ধরনের সংঘাত চান না। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি ও হয়রানি বন্ধ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে এলাকার জুলহাস উদ্দিন, মোশাররফ হোসেন মুছা, রমজান আলী, মনোয়ার হোসেন, ডা. মজিবর রহমান, জাহাঙ্গীর হোসেন তাং, তাজেল, জোয়াদ আলী, কাজল ড্রাইভার ও জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত ব্যক্তিরা মধুপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা জমির বিরোধ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সর্বশেষ - জেলার খবর