নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং অন্তত ১৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) সকালে দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে দুইজন, বাহরাইনে একজন এবং দুবাইয়ে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশে প্রায় ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী জানান, সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো একযোগে কাজ করছে।
নিহতদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। টাঙ্গাইলের নিহত বাচ্চু মিয়ার পরিবারসহ অন্যদের প্রতিও সরকারের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আহত প্রবাসীদের চিকিৎসা সহায়তা দিতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো কাজ করছে। একইসঙ্গে প্রবাসীদের সংঘাতপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যে সব স্থানে হামলার ঝুঁকি বেশি বা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে, সেসব এলাকা এড়িয়ে চলা উচিত। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা সতর্কতা, সাইরেন এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইনবিরোধী কোনো তথ্য বা কনটেন্ট প্রচার না করারও অনুরোধ করা হয়েছে।
এদিকে দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। পরে মরদেহ তার নিজ জেলা মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নেওয়া হবে, যেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।


















