Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁওয়ে

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 2:33 pm

অপরধচিত্র প্রতিনিধি (ব‌রিশাল): বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে আর ফেরা হলো না বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে ৯ আগস্ট রোববার রাতে মারা যান তিনি। এদিন রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইয়াসিনের মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা।
জানা যায়, ১০ আগস্ট বিকেল পাঁচটার দিকে মরদেহ সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন ইয়াসিন। তার মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে। নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসংলগ্ন সড়কের সংস্কারসহ বিভিন্ন দাবি পূরন না হলে আজ আবারও ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের কথা জানান শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে দপদপিয়া এলাকায় বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে ইয়াসিনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তিনি মারা যান।
এদিকে ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত আটটার দিকে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিক্ষোভ আরও তীব্র হয়। পরে রাত ১২টার দিকে অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়।
শিক্ষার্থীরা জানান, ১০ আগস্ট সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ সড়ক সংস্কারের কাজ শুরু না করলে তারা আন্দোলন আরও কঠোর করবেন। একইসঙ্গে ইয়াসিনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরার কথা জানিয়েছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকার কথাও উল্লেখ করেন।
এদিকে সকালের দিকে ইয়াসিনের মরদেহ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে না বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান বলেন, ইয়াসিনের পরিবার মরদেহ নিয়ে দ্রুত গ্রামের বাড়িতে যেতে চেয়েছে। এ কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত সাড়ে তিনটার দিকে মরদেহ নিয়ে তারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। সকালে তারা বগুড়া পার হচ্ছিলেন। ঠাকুরগাঁও পৌঁছাতে বিকেল পাঁচটা পর্যন্ত সময় লাগতে পারে। বাদ আসর অথবা মাগরিব ইয়াসিনের জানাজা হতে পারে।

সর্বশেষ - রাজনীতি