ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের হাজারী রোড এলাকার দারুল নাজাত মহিলা মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে মাদ্রাসা ভবনের জানালার কার্নিশ থেকে চতুর্থ শ্রেণির এক নারী শিক্ষার্থীকে উদ্ধার করেন ফেনী ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার আবদুল্লাহ আল মুন।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইয়াসমিন আক্তার (১২)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার দুবাই প্রবাসী আবদুস শুক্কুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসমিন ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করলেও সম্প্রতি তার মা জেসমিন আক্তার তাকে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় এনে চতুর্থ শ্রেণিতে ভর্তি করান। তবে মাদ্রাসায় পড়ার অনিচ্ছা থাকায় সে প্রায়ই সেখান থেকে পালানোর চেষ্টা করতো।
শনিবার সকালে তার খালাতো ভাই তাকে পুনরায় মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পরই সে মাদ্রাসা থেকে পালানোর উদ্দেশ্যে ভবনের জানালার কার্নিশে উঠে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করেন।
এ বিষয়ে ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মামুন মিয়া এশিয়া পোস্টকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে আমাদের কাছে ফোন আসে যে শহরের হাজারী রোড এলাকার একটি ভবনের কার্নিশে এক শিশু আটকে আছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। আমাদের ফায়ারফাইটার আবদুল্লাহ আল মুন তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


















