Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ব্যক্তিগত সহকারীকে ‘হত্যার হুমকি’ দিচ্ছেন এমপি গাজী নজরুল

প্রতিবেদক
Newsdesk
August 22, 2026 2:27 pm

অপরাধচিত্র ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
২২ আগস্ট শনিবার রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে ওবায়দুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
ওবায়দুরের দাবি, গত ১৯ জুন তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের কথিত অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি।
পরদিন এমপির হোস্টেলে গিয়ে এ বিষয়ে কথা বললে গাজী নজরুল বিষয়টি স্বীকার করেন। ওই সময় তাকে অর্থ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজের প্রস্তাব দেওয়া হয়। অর্থ না নিলেও ভাগ্নির নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তিনি চাকরির প্রস্তাব গ্রহণ করেন বলে জানান।
ওবায়দুর বলেন, পরবর্তী সময়ে গাজী নজরুল ও তার ভাগ্নির ঘনিষ্ঠতার বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন।
২২ জুন মেট্রোরেলের পল্লবী স্টেশনের একটি কপি শপ এবং ৯ জুলাই মিরপুর-১২ এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের আপত্তিকর অবস্থানের প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গত ১৩ জুলাই মগবাজারের একটি রেস্ট হাউসে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সেখান থেকে চলে যান তিনি। ওই রাতেই ভাগ্নিকে নিয়ে ঢাকার বাইরে অবস্থান করেন। পরদিন ঢাকায় ফিরে খিলক্ষেত হয়ে বাসায় যাওয়ার পর তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।
ওবায়দুরের ভাষ্য, রাত ১১টার দিকে বাসায় পৌঁছানোর পর মাসুম ও আমিনুর নামে দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে মেঝেতে ফেলে মাথায় লাথি মেরে হত্যার চেষ্টা করা হয়। তার মা ও ছোট বোন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১২টা ৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন বলে জানান তিনি।
এ ঘটনায় গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওবায়দুর। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তের দায়িত্ব নেয়। কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও তারা আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন বলে জানান তিনি।
ওবায়দুর আরও অভিযোগ করেন, জামিনে মুক্ত আসামিসহ কয়েকজন তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিচ্ছেন। গত ২ আগস্ট তার বিরুদ্ধে নারী অপহরণ, নারী পাচার ও মুক্তিপণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি নিরপেক্ষ তদন্ত চাই। আমি অপরাধী হলে আইনের আওতায় আনা হোক। আর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
প্রাণনাশের হুমকির অভিযোগে গত ২০ আগস্ট পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান ওবায়দুর। তার কাছে চিকিৎসাসংক্রান্ত নথি, মামলার কাগজপত্র, তথ্য-উপাত্ত এবং গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের নথি রয়েছে দাবি করে তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে অনুসন্ধানের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link