নিজস্ব প্রতিবেদক :
প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান (রেজা) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে প্রকৌশল খাতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম জোরদার এবং পেশাজীবীদের কল্যাণে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
এ বারে আইডিইবির ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে এ কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিইবির নিবন্ধন নম্বর ৮-০৪৯১৬ এবং ঢাকার কাকরাইলের ভিআইপি রোডে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটিতে প্রকৌশলী মো. কবির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. সুনিল উদ্দিন, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহমান, প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি, প্রকৌশলী মো. সেলিমুর রহমান, প্রকৌশলী মো. জাহিদুর রহমান দিপু, প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।
কমিটিতে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব এবং প্রকৌশলী এ এম ফিরোজকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিভাগ ও দায়িত্বভিত্তিক পদে প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সব কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত মেয়াদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।


















