অপরাধচিত্র রিপোর্ট: রাজধানীর ব্যস্ত সড়কে মুহূর্তেই থেমে গেল একটি জীবনের পথচলা। মেরাদিয়ায় দুই বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাসফিয়া আহমেদ তিশা (৩১)। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বনশ্রীর মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় চলাচলের সময় রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় তিশা সড়কে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকা তিশাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রথমে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া আহমেদ তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের পাঠদান ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার এই আকস্মিক মৃত্যু পরিবার ও পরিচিতজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাসই জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষকে কেড়ে নেয় না—শূন্য করে দেয় একটি পরিবার, থামিয়ে দেয় স্বপ্ন আর সম্ভাবনার অনেক গল্প। তাসফিয়া আহমেদ তিশার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।

















