নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের হাড়সহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ, যারা সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
গ্রেফতারকৃতরা হলো- কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তাদের কাছ থেকে বিভিন্ন প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রাখা ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা সূত্র জানায়, তেজগাঁওয়ের মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সামনের রাস্তার ওপর কবরস্থান থেকে চুরি হওয়া কঙ্কাল বিক্রির জন্য একজনের অবস্থান নেওয়ার খবর পায় পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যমতে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকা স্পারো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তখন তার কক্ষে ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪টি কঙ্কাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে চড়া দামে বিক্রি করতো।
গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















