নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সে লক্ষ্যে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে।
তিনি বলেন, চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। দেশের সকল দুর্গম এলাকায় রোগীদের উন্নত চিকিৎসাকেন্দ্রে আনার জন্য অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে।


















