অপরাধচিত্র ডেস্ক: দেশের বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিকায়নে তিনটি বড় খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৯ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদনসহ ‘জাতীয় নবায়নেযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ এবং ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া অনুমোদন দেয়া হয়।
চলতি মেয়াদের সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে ব্যবসা-সহায়ক পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক রূপান্তর গতিশীল করতেই এই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে বলে জানা গেছে।
দেশে বিনিয়োগকারীদের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে বড় ধরনের সংস্কার আনছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে তৈরি ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া আজ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নতুন এই আইনের মূল বৈশিষ্ট্য হলো–বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) কার্যক্রমকে একক কাঠামোর আওতায় আনা। প্রস্তাবিত এই নতুন কর্তৃপক্ষই হবে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা।
এর ফলে বিনিয়োগকারীরা একটি মাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম বা ‘সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স’-এর মাধ্যমে লাইসেন্স, অনুমোদন ও নিবন্ধনসহ যাবতীয় সরকারি সেবা পাবেন। এতে বিভিন্ন সংস্থার কাজের দ্বৈততা কমবে। এ ছাড়া সরকারের অব্যবহৃত জমি, স্থাপনা বা শেয়ার উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে এই আইনে। ক্ষুদ্র পিপিপি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেই সহজ পদ্ধতিতে অনুমোদন দিতে পারবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বিদ্যুৎ বিভাগের তৈরি ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩১টি মন্ত্রণালয়, বিভাগ, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হয়েছে।

















