Wednesday , 15 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 15, 2026 4:47 pm

অপরাধচিত্র ডেস্ক: প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের শীর্ষ নেতৃত্ব অবৈধভাবে সরকার পরিচালনা করেছে এবং তাদের নেতাকর্মীদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হয়েছে, তাই মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে।
১৫ জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তি ও সংগঠন—উভয়েরই বিচার করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এই ফ্যাসিবাদী সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক।
প্রশাসনিক আদেশে কোনো দলকে নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে হিটলারের সংগঠন ও গেস্টাপো বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাংলাদেশেও তেমন একটি আইনগত প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষ ও শিশুদের হত্যার ঘটনা বিশ্বে বিরল।
আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত লজ্জাজনক যে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই।
বরং তারা জুলাইয়ের যোদ্ধাদের জঙ্গিবাদী’ হিসেবে আখ্যা দিচ্ছে।’
আওয়ামী লীগের ইতিহাসকে গণতন্ত্র হত্যা, রক্ষীবাহিনীর মাধ্যমে মুক্তিযোদ্ধা হত্যা এবং একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ইতিহাস হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না।’
ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে, সে লক্ষ্যে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করার ওপর গুরুত্বারোপ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক সংগঠনের নয়, বরং এটি ছিল দেশের আপামর জনগণের আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী এই ঐক্য ধরে রেখে শহীদদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, সে জন্য গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তরুণদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১-এর শহীদ এবং জুলাইয়ের শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমরা তরুণ প্রজন্মের হাতে রেখে যাচ্ছি। ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জিন্দাবাদ, জুলাই স্মৃতি আমাদের শক্তির উৎস হোক।’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত