সিলেট প্রতিনিধি :
সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। জানা গেছে, সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর কানাইঘাট উপজেলায় পদযাত্রা ও গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে মতবিনিয় করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
আর এই কর্মসূচিকে শান্তিপূর্ণ করতেই পুলিশের পাশাপাশি সিলেটের ৫টি উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ৫টি উপজেলায় বিজিবি মোতায়েন করতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠির প্রেক্ষিতে বুধবার সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।
সিলেটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির নেতারা সিলেটের ৫টি উপজেলায় (ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এনসিপি নেতারা পদযাত্রা করবেন। শৃঙ্খলার স্বার্থে পোশাকে-সাদা পোষাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন চেয়েছে জেলা প্রশাসন।
তিনি বলেন, কয়েকটি স্থানে সুর্যাস্তের পর কর্মসূচি হবে। এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়াতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় পোষাকে-সাদা পোষাকে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।
এনসিপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার জেলার ৫টি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেলা তিনটায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা সাতটায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পর্যায়ক্রমে বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় জুলাই পদযাত্রা কর্মসূচি হওয়ার কথা রয়েছে।


















