ফতুল্লা রেললাইন থেকে পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্ন সমাজ গড়ার আহ্বান জেলা প্রশাসক ও ইউএনওর
তারেক সালমান, স্টাফ রিপোর্টার:পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে প্রায় ৬০০ কাব স্কাউট শনিবার (৭ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাব স্কাউটরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা অপসারণসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিন। এ ছাড়া উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি, পরিবেশদূষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে শিশু-কিশোরদের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধের চর্চা গড়ে উঠবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পথ সুগম হবে।

















