জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: ফ্যামিলি কার্ড করে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদিয়া ইসলাম নামের এক নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকায় এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা সাদিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে একই দিন রাতে বলাইগুয়া এলাকার বাসিন্দা প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় সাদিয়া ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। পুলিশ ভুক্তভোগীদের বরাত দিয়ে জানায়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে।
মামলা দায়েরের পর বুধবার পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠায়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে ফ্যামিলি কার্ড সম্পর্কিত কোনো সরকারি সিদ্ধান্ত বা কার্যক্রমের তথ্য জানা নেই উল্লেখ করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
এনসিপির জেলা সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে; তবে অভিযোগের সত্যতা ও সংগঠনবিরোধী কাজের প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


















