নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত দরপত্র কার্যক্রম বন্ধ রাখার আবেদন ঠিকাদারদের
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় আহ্বান করা সড়ক মেরামতের একাধিক দরপত্র স্থগিত অথবা বাতিলের দাবি জানিয়েছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এলজিইডির নতুন রেট শিডিউল প্রকাশ এবং সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত এসব দরপত্রের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন সংগঠনটির সভাপতি মোঃ কামাল হোসেন
২ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো আবেদনে বলা হয়, পটুয়াখালী জেলা ঠিকাদার মালিক সমিতির পক্ষ থেকে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধান প্রকৌশলীর নজরে আনা হয়েছে। আবেদনে স্থানীয় সরকার বিভাগের ১৫ অক্টোবর ২০২৬ তারিখের একটি নির্দেশনার উল্লেখ করে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের জরুরি প্রয়োজন ব্যতীত সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র আহ্বান ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা রয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়, ওই নির্দেশনার পরও পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে ২৬ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬ তারিখে পৃথক স্মারকের মাধ্যমে LTM পদ্ধতিতে বিভিন্ন সড়ক মেরামতের দরপত্র আহ্বান করা হয়েছে।
চেম্বার অব কমার্সের আবেদনে আরও উল্লেখ করা হয়, আহ্বান করা দরপত্রগুলোর প্রাক্কলন পর্যালোচনায় দেখা গেছে, সড়ক মেরামতের নামে দরপত্র আহ্বান করা হলেও অধিকাংশ কাজের মধ্যে খোয়া ব্যবহারসহ সড়কের সম্পূর্ণ অংশে কার্পেটিং ও সিলকোটের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এসব কাজ যথাযথভাবে সম্পন্ন করতে বাস্তবিক অর্থে কমপক্ষে ছয় মাস সময়ের প্রয়োজন হতে পারে। ফলে এ ধরনের দীর্ঘমেয়াদি কাজকে জরুরি কাজ হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
আবেদনে বলা হয়, নতুন রেট শিডিউল প্রকাশের আগে পুরোনো দর অনুযায়ী কাজ গ্রহণ করলে নির্মাণসামগ্রীর বর্তমান বাজারমূল্য ও প্রকৃত নির্মাণব্যয়ের সঙ্গে দরপত্রের হিসাবের অসামঞ্জস্য তৈরি হতে পারে। বিশেষ করে উদীয়মান ঠিকাদাররা এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এতে তাদের ব্যবসায়িক স্থায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে।
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জনস্বার্থ ও ঠিকাদারদের স্বার্থ বিবেচনায় নিয়ে উল্লিখিত দরপত্রগুলো স্থগিত অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে বিধি মোতাবেক বাতিলের জন্য প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী এবং পটুয়াখালী জেলা ঠিকাদার মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো হয়েছে।


















