Tuesday , 10 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৬

প্রতিবেদক
Newsdesk
November 10, 2026 9:52 pm

এহসান উল্লাহ টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ২০২৫ সালের ২৫ এপ্রিল দায়ের করা ৬৯ নম্বর মামলার দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারার ওয়ারেন্টভুক্ত আসামি মো. কামাল হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যাম্প-২৬-এর শালবাগান এলাকার বাসিন্দা।

এদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা জবরদখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় জারিকৃত সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন কেফায়েত উল্লাহ (৩০), আনিস খান (২২), কেফায়েত উল্লাহ (১৯) ও আকাইদুল মোস্তফা (২০)। তাঁদের মধ্যে একজনকে তিন মাস, একজনকে দুই মাস এবং অপর দুজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্প-২৪ এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামে আরও একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - জেলার খবর