এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো :ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশার পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ ( ২৩ নভেম্বর)সোমবার বিকেলে উপজেলার আমজাদের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো: আরিফ (৪০), ও অটোরিকশা চালক বাতিসা ইউনিয়নের শফিক মিয়ার ছেলে মতিন (৩৫)।
আহতরা হলেন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া (৫০), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে হানিফ (৩৫) ও ইয়াছির (৩২)।
তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বিকেল আনুমানিক তিনটার সময় মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমজাদের বাজারের কালিকসার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা পিকআপ ভ্যান অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ঢুকে যায়। খবর পেয়েছে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মো: সাঈদ আল মনসুর বলেন, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


















