মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম গোলদারের সমর্থনে ৩ নং ওয়ার্ডের ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর অংশগ্রহণে মতবিনিময় ও সমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজনা-কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। সভায় এলাকার বহু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিদের মধ্যে ছিলেন মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিন সিকদার এবং মানসরাবাদ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে মাওলানা শাহ আলম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় এলাকাবাসী ফিরোজ আলম গোলদারের সঙ্গে নিজেদের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবি তুলে ধরেন তাঁরা।
এ সময় উপস্থিত অনেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফিরোজ আলম গোলদারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
জবাবে ফিরোজ আলম গোলদার এলাকাবাসীর বক্তব্য ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও যোগাযোগের কথা উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি রাস্তাঘাটসহ জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে এ মতবিনিময় সভাকে ঘিরে মির্জাগঞ্জ ইউনিয়নে আসন্ন নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সমাধানের পথ সুগম হবে


















