Friday , 26 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সবজির বাজারে স্বস্তি, মাছে ঊর্ধ্বগতি

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:15 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর দুই কাঁচাবাজারে মূল্য পরিস্থিতিতে ভিন্ন চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। ডিম ও গরুর মাংসের বাজারেও মিলেছে স্বস্তি। তবে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারে মাছের দাম অনেক বেড়েছে। সেখানে সবজির দাম আগের সপ্তাহের মতো উচ্চ অবস্থানে রয়েছে। ফলে বাজারভেদে ভোক্তাদের স্বস্তি ও চাপ– দুই ধরনের অভিজ্ঞতাই দেখা যাচ্ছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৫০ টাকা, পটল ৪০, গাজর ১০০-১২০, চিচিঙ্গা ৬০, চাল কুমড়া ৬০, বরবটি ৫০, ধুন্দল ৫০, বেগুন ৮০, শসা ৭০, পেঁপে ৫০, টমেটো ১৬০, ঝিঙে ৬০, কাঁকরোল ৮০ এবং কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে।

সবজি বিক্রেতা আকিব বলেন, গত সপ্তাহে কেজিতে ২০ টাকা বেশি ছিল। এ সপ্তাহে কমেছে।

ডিমের বাজারেও কিছুটা স্বস্তি মিলেছে। ফার্মের লাল ডিমের হালি ৪০ টাকা এবং সাদা ডিম ৩৫ টাকা। ১০ দিন আগে এসব ডিমের হালি ৫ টাকা করে বেশি ছিলো।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৬০ টাকা, সোনালি ৩২০-৩৩০ টাকা এবং লেয়ার মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংসের দাম কমে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোরবানির ঈদের আগে তা ছিল ৮০০ টাকা। খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদের আগে খাসির মাংস ছিল ১ হাজার ৩০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ২০০ টাকা।

মাছের বাজারে কৈ মাছ ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০, মাঝারি আকারের বাটা মাছ ৪৫০, পোয়া ৫০০, ছোট বাইলা ৭০০, কাচকি ৫০০, মাঝারি রুই ৪০০, মাঝারি কাতলা ৩৫০, পাবদা ৪৫০ এবং গুলশা মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

মাছ বিক্রেতা সাকিব বলেন, মাছের দাম আগের তুলনায় বেড়েছে।

তবে আরেক বিক্রেতা মো. রবিনের ভাষ্য, দাম আগের মতোই আছে। তবে মাঝেমধ্যে ২০-৩০ টাকা ওঠানামা করে।

মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে। তবে সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজারে নদীর বড় কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। গত সপ্তাহে তা ছিল ৭০০ টাকা। চিংড়ি মাছ ১ হাজার ২০০ টাকা, গত সপ্তাহে ছিল ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। পোয়া মাছের কেজি ৭০০ টাকা, এক সপ্তাহ আগেও তা ছিল ৫০০ টাকা। পাবদা মাছের দাম সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি আইড় মাছ ১ হাজার ৮০০ টাকা, টেংরা মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। গত সপ্তাহের তুলনায় এসব মাছের দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে।

মাঝারি আকারের বাটা মাছ ৬০০ টাকা, ছোট বাটা মাছ ৪০০, শিং আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, মাগুর ৮০০ টাকা, কৈ ২৪০ টাকা এবং তেলাপিয়া মাছ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মো. সাগর বলেন, আমরা যেখান থেকে মাছ নিয়ে আসি, সেখানেই দাম বেশি।

সবজির বাজারে অধিকাংশ পণ্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। বেগুন প্রতি কেজি ৮০-১০০ টাকা, করলা ১০০, লতি ১০০, চিচিঙ্গা ৬০, ঝিঙে ৭০-৮০, ঢেঁড়স ৬০, বরবটি ৮০, টমেটো ২০০, পটল ১০০, পেঁপে ৬০, কাঁকরোল ১০০, কাঁচামরিচ ১৪০ এবং কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬৫ থেকে ১৭০ টাকা, সোনালি ৩৪০ টাকা এবং লেয়ার মুরগি ৩৭০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ইয়াসির বলেন, যে হারে মাছ ও সবজির দাম বেড়েছে, তাতে হিসাব করে চলতেও হিমশিম খেতে হচ্ছে।

তার মতে, দুই সপ্তাহ আগেও সবজি ও মাছের দাম কিছুটা কম ছিল। কিন্তু বর্তমানে দুই ধরনের পণ্যেরই দাম অনেক বেড়েছে।

সর্বশেষ - রাজনীতি