ফরিদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান :
শেখ হাসিনা সরকারের আমলে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত। তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে নগরকান্দার রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে কেউ দেশ ছাড়তে বাধ্য করেনি, তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন। পলাতক নেতার দেশে ফেরার আশায় যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের পাশে বর্তমান সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। বিএনপি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি থানা ও হাসপাতাল পোড়ানোর ঘটনার সমালোচনা করে বলেন, নিজেদের সম্পদ নিজেরাই পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব তাণ্ডব বন্ধ করতে হবে।
শেখ হাসিনা ও তাঁর সরকারের জ্যেষ্ঠ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন। দেশে ফিরলে আন্তর্জাতিক আদালতের মামলায় আসামি হিসেবে ফিরতে পারেন এবং সাজা ভোগ করতে হতে পারে।এ সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজমুল হুসাইন রাজুর সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মীসভা উপলক্ষে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।


















