কুমিল্লাহ ব্যুরো কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ওঠানো ও ওভারটেকিংকে কেন্দ্র করে একই পরিবহনের (যমুনা পরিবহন) দুই বাসচালকের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কের ওপর বাস দুটি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আজ (২১ নভেম্বর)শনিবার বিকেলে উপজেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, কুমিল্লামুখী যমুনা পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। চৌদ্দগ্রাম বাজারে পৌঁছে আগে যাত্রী ওঠানো ও ওভারটেকিং করা নিয়ে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় চালক মহাসড়কের মাঝখানেই বাস থামিয়ে নিচে নেমে আসেন এবং তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় দুই বাসের হেলপাররাও (সহকারী) সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সড়কের ওপর দুটি বড় বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের ভেতরে আটকে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।

















