Saturday , 21 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরুড়ায় জমি বিরোধের শালিশে ছুরিকাঘাত, ৬ জন আহত; অভিযুক্ত আটক

প্রতিবেদক
Newsdesk
November 21, 2026 10:35 pm

এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যাুরো।

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত গ্রাম্য শালিশ বৈঠকে ছুরিকাঘাতের ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সামছুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ঝলম ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন ভাই-বোন ও চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে গাজী বাড়িতে একটি গ্রাম্য শালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে সামছুল আলম উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের ওপর ছুরি দিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে চাচাতো ভাই, দুলাভাই, ভাগিনাসহ ছয়জন আহত হন।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—তলাগ্রাম গ্রামের কালামের ছেলে ইমাদ (২১), ডেওয়াতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৭০), তাজুল ইসলামের ছেলে আশেকে এলাহি (৩৫), আব্দুর জলিলের ছেলে আব্দুল আজিজ (৪৫) এবং আমিনের ছেলে জাহাঙ্গীর (৪০)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ছয়জনকে হাসপাতালে আনার পর তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের কারও কারও শরীরে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত গভীর ক্ষত রয়েছে। একজনের পেটের নাড়িভুঁড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর অভিযুক্ত সামছুল আলমকে স্থানীয়রা আটক করে একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে থানার এসআই মহিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসায় আয়োজিত শালিশ বৈঠককে কেন্দ্র করে এমন সহিংসতার ঘটনায় ডেওয়াতলী গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - জেলার খবর