গলাচিপা,প্রতিনিধি(পটুয়াখালী) শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করছেন স্ত্রী প্রধান শিক্ষক মদিরা রানী পাল। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন এই গৃহবধূ। স্বামীর প্রতি তাঁর এমন ভালোবাসা ও আত্মত্যাগের ঘটনায় আবেগাপ্লুত হয়েছেন অনেকে।
মদিরা রানী পাল গলাচিপা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সদর রোডের মনীন্দ্র চন্দ্র পালের মেয়ে। তাঁর স্বামী সুদাম পালের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে। তিনি টরকী বন্দরের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মদিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল সপ্তম শ্রেণিতে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে সুদাম পালের কিডনির জটিলতা ধরা পড়ে। এরপর দেশে বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু উপযুক্ত কিডনি দাতা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েন তাঁরা। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন স্ত্রী মদিরা রানী পাল।
পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নেন তাঁরা। গত সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে যান এই দম্পতি। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তাঁরা ভারতের ওই হাসপাতালে অবস্থান করছেন।
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মদিরা রানী পালের প্রশংসা করছেন। নেটিজেনরা এই দম্পতির চিকিৎসা সফল হওয়া এবং দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন। একই সঙ্গে চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষক দম্পতি।
মদিরা রানী পাল বলেন, “আমার একটি কিডনি দান করেও যদি আমার স্বামী বেঁচে থাকেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা একসঙ্গে বাঁচতে চাই। এটি কোনো প্রতিদানের বিষয় নয়, এটি আমার ভালোবাসা। আমার স্বামী বিপদে পড়েছেন, তাই কোনোভাবেই তাঁকে ছেড়ে যেতে পারি না।

















