নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জমিজমা ও অবসর ভাতার টাকা হাতিয়ে নিতে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে হাত-পা বেঁধে বিষ খাওয়ানোর চেষ্টা এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২০ অক্টোবর স্থানীয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
মামলার আরজি ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. আব্দুল মজিদ শেখ (৫৫) অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি নেত্রকোনা পৌরসভার মাহমুদপুর এলাকার বাসিন্দা। মামলায় তাঁর স্ত্রী হোসনে আরা বেগম ওরফে রাবেয়া আক্তার খাতুন (৫৫), ছেলে কাউসার (১৮), পুত্রবধূ নওশী আক্তার (১৮) এবং মেয়ে নূরজাহান আক্তার সোমাকে (৪০) আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অবসরে যাওয়ার পর থেকে আসামিরা জমিজমা নিজেদের নামে লিখে নেওয়ার জন্য নানা চাপ ও কৌশল প্রয়োগ করে আসছিলেন। পাশাপাশি ভরণপোষণ না দিয়ে প্রতি মাসে তাঁর অবসর ভাতার টাকা জোরপূর্বক নিয়ে নিতেন। এতে বাধা দিলে তাঁকে মারধর করা হতো।
সর্বশেষ গত ১৭ অক্টোবর (১ কার্তিক) দুপুর আড়াইটার দিকে মাহমুদপুর এলাকায় নিজের বসতঘরে দুপুরের খাবার শেষে বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল মজিদ শেখ। অভিযোগ অনুযায়ী, সে সময় তাঁর স্ত্রী ছেলেকে হাত-পা বেঁধে ফেলার নির্দেশ দেন। পরে ছেলে কাউসার পুত্রবধূর দেওয়া রশি দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন। একপর্যায়ে স্ত্রী তাঁকে বিষের বোতল মুখে ধরে বিষ খাওয়ানোর চেষ্টা করেন এবং মেয়ে নূরজাহান আক্তার সোমা তাঁর পকেটে থাকা নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। যাওয়ার সময় আসামিরা বাকি টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় প্রথমে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দেন আব্দুল মজিদ শেখ। পরে সাক্ষী ও সংশ্লিষ্টদের পরামর্শে তিনি নেত্রকোনা সদর আমলী আদালতে মামলা করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।
শুনানি শেষে গত ২০ অক্টোবর আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় পিবিআইকে নির্দেশ দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।জাহিদ হাসান নেত্রকোনা প্রতিনিধ তারিখ ২১. ১১.২০২১

















