জাফর আলম,কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মানবপাচারের নামে চলছিল ভয়ংকর জিম্মি-বাণিজ্য। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ছয় দিন ট্রলারে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি ৭ থেকে ৮ জনকে সাগরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে সংঘর্ষ বাধলে পালিয়ে যান চক্রের সদস্যরা।শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে আটকে পড়া ট্রলার থেকে নারী ও শিশুসহ উদ্ধার করা হয় ২৮ জনকে। কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীরা জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে শুক্রবার রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী একটি ট্রলার আটকে যায়।
ট্রলার থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ।উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের প্রথমে বিভিন্ন বাড়িতে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় মুঠোফোন।
এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও নির্যাতন করা হয়। কয়েক দফায় ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে ছয় দিন আটকে রেখে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগীদের কয়েকজনের দাবি, ট্রলারে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়। এ নিয়ে একপর্যায়ে ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে দালালচক্রের সদস্যদের সংঘর্ষ বাধে।
পরে কয়েকজন ভুক্তভোগী প্রতিরোধ গড়ে তুললে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে মানবপাচার ও অপহরণের এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেছে। তাদের কয়েকজনের স্বজনও থানায় এসে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন। কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি।
সেখানে তাদের একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাদের মানবপাচারকারী চক্রের কাছে তুলে দেওয়া হয়েছে।রিদুয়ান বলেন, তাদের মুঠোফোন কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাদের পাহারা দিত। আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তোলা হয়। পরে তাদের গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়। ট্রলারে প্রথমে চার দিন এবং পরে আরেকটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। একপর্যায়ে তাদের কাছে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।তিনি বলেন, মুক্তিপণের বিষয় নিয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা কয়েকজন নৌকা চালিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। টেকনাফের সাবরাং এলাকার নাসিমা জানান, সন্ধ্যায় একজনের সঙ্গে কোথাও যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার কোল থেকে সন্তান কেড়ে নেন। সন্তানের পেছনে দৌড়ালে তাকেও ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে অনেক দিন আটকে রাখা হলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
সন্তানকে নিয়ে বন্দী অবস্থায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হয়েছে তাকে।অন্যদিকে, এক বাবা অভিযোগ করেন, তার সন্তানকে আটকে রেখে ফোনে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা না দিলে সন্তানকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে তিনি অপহরণের শিকার হন। তার ভাষ্য, জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার জন্য একটি বাসায় নেওয়া হয় তাদের।
সেখানে যাওয়ার পর হঠাৎ দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরের একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাদের। ঠিকমতো খাবার দেওয়া হতো না। কারও সঙ্গে কথা বলার বা যোগাযোগের সুযোগও ছিল না।টেকনাফের কচুবনিয়া
এলাকার ইলিয়াছের দাবি, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ করলে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান।উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাদের স্বজনেরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না।
এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে ফোন করে ছেলের কবর পেয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছেলে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অভিযোগ করেন, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত।
তাদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।এদিকে উদ্ধার হওয়া ২৮ জনকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। মানবপাচারের এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

















