কক্সবাজার ব্যুরো : রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমার মানতে বাধ্য বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের রায়ের পরদিন রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
এগুলো হলো গণহত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত আপনাদের (রোহিঙ্গা) নাম উচ্চারণ করেছেন।
হ্যাঁ, রোহিঙ্গা। আদালতের সিদ্ধান্ত স্পষ্ট: ২০১৭ সালে আপনাদের ওপর যা ঘটানো হয়েছিল, তা ছিল গণহত্যা। যারা এই রায় শোনার জন্য বেঁচে থাকতে পারেননি, তাদের প্রথমেই স্মরণ করা উচিত।রোহিঙ্গা শিবিরের সঙ্গে নিজের আগের সম্পৃক্ততার কথা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকালে আমি শিবিরের অলিগলি ঘুরেছি, আশ্রয়কেন্দ্রে বসেছি এবং রোহিঙ্গাদের কথা শুনেছি।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। নিউইয়র্ক থেকে আপনাদের বিষয়ে কথা না বলে সরাসরি এখানে আসতে চেয়েছি।আইসিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ব্যাপকসংখ্যক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের ওপর হামলা করেছে এবং গ্রামগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে।
আদালত প্রমাণের ভিত্তিতে দেখতে পেয়েছেন, অন্তত ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এসব অপরাধ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল বলে আদালত দেখতে পেয়েছেন। যৌন সহিংসতার নৃশংস ও পদ্ধতিগত বিস্তার এবং বিশেষ করে শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।ড. খলিলুর রহমান বলেন, এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে রায় দিয়েছেন আদালত।
একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের।তিনি বলেন, কোনো রায়ই মৃতদের ফিরিয়ে আনতে পারে না কিংবা প্রতিটি ক্ষত সারিয়ে তুলতে পারে না। সত্যিই ন্যায়বিচারের সূচনা।
এই বিচার প্রক্রিয়ায় অবদানের জন্য গাম্বিয়া, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার ও জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের, যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই বেঁচে ফেরা রোহিঙ্গাদের, যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং নির্যাতনের কথা তুলে ধরতে সাহস দেখিয়েছেন।
ড. খলিলুর রহমান বলেন, আদালত রায় দিয়েছেন। কিন্তু কাগজে-কলমে একটি রায় থাকলেই বাস্তব জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। এখন এই রায় কার্যকর করতে হবে। এর প্রধান দায়িত্ব মিয়ানমারের ওপর বর্তায়। পুরো বিচারপ্রক্রিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরা এবং প্রমাণ উপস্থাপনের জন্য মিয়ানমার সব ধরনের সুযোগ পেয়েছে। আদালত তাদের যুক্তি শুনেছেন। এই রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
তাই রায় মেনে চলা ঐচ্ছিক নয়।প্রথম আহ্বানে তিনি বলেন, গণহত্যা সনদে নিষিদ্ধ অপরাধ সংঘটনের জন্য যাদের বিরুদ্ধে যুক্তিসংগত সন্দেহ রয়েছে, তাদের তদন্তে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় আইনের ঘাটতি দূর করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর নিশ্চয়তা দিতে হবে।
মিয়ানমারকে আন্তরিকতার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বড় দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি এবং সহায়তা দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একমাত্র তখনই এই রায় রোহিঙ্গাদের জীবনে পরিবর্তন আনতে পারবে।দ্বিতীয় আহ্বানে ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ দিতে এবং তা সহজ করতে আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।
মিয়ানমারের অভ্যন্তরে কিংবা সীমান্ত পেরিয়ে অন্য দেশে বাস্তুচ্যুত হওয়া উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য।আদালত পরিবারগুলোকে পুনর্মিলিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং মৃতদের রোহিঙ্গা ঐতিহ্য অনুযায়ী মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে।
রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, তারা বারবার জানিয়েছেন, বাড়ি ফিরতে চান। তবে প্রত্যাবাসনের জন্য প্রয়োজন যথাযথ নিশ্চয়তা। কাউকে বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো উচিত নয়।নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে রোহিঙ্গাদের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে।
বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারসংক্রান্ত সুরক্ষাও অন্তর্ভুক্ত বলে আদালত স্বীকৃতি দিয়েছেন।আদালতের রায় যেন রোহিঙ্গাদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচারে রূপ নেয়, তা নিশ্চিত করতে মিয়ানমারকে জাতিসংঘের প্রবেশাধিকার দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।ড. খলিলুর রহমান বলেন, যেসব বস্তুগত ক্ষতির ক্ষেত্রে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে প্রতিকার সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য ব্যক্তি ও জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও ব্যবস্থা সম্পর্কে মিয়ানমারকে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।তিনি বলেন, অর্থ কোনো জীবন কিংবা প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারে না। তবে প্রকৃত ক্ষতিপূরণ বেঁচে ফেরা মানুষদের নিরাপত্তা ও আশার অনুভূতি ফিরে পেতে সহায়তা করতে পারে।তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা প্রয়োজন। পরিবারগুলোর প্রয়োজন স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা।
বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর একা এই দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। বিশেষ করে উন্নয়ন সহযোগীদের শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য অর্থায়ন বাড়াতে হবে।
ড. খলিলুর রহমান বলেন, এ জন্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রয়োজন। রোহিঙ্গারা যেন ভয়মুক্ত জীবনযাপন করতে পারেন এবং অতীতের দুর্ভোগের পুনরাবৃত্তি আর কখনো না ঘটে, সেটিই এসব পদক্ষেপের উদ্দেশ্য।জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক সদস্যরাষ্ট্র নিজ নিজ মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করে।
কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে সনদে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে বাছাই করে নয়, ধারাবাহিকভাবে আদালতের রায় মেনে চলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন ড. খলিলুর রহমান।
তিনি বলেন, ১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করেছিল, গণহত্যা মানবজাতির বিবেককে নাড়িয়ে দেয়। ১৯৪৮ সালে সাধারণ পরিষদ গণহত্যা সনদ গ্রহণ করে।
গতকাল সেই সনদ এমন একটি জনগোষ্ঠীর জন্য কার্যকর ভূমিকা রেখেছে, যাদের কোনো সেনাবাহিনী নেই, কোনো ক্ষমতা নেই। এটি রাষ্ট্রীয় সীমানা ও পৃথক জাতীয় স্বার্থের ঊর্ধ্বে। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন মানুষকে সুরক্ষা দিতে পারে এবং আইন সমুন্নত রাখতে বহুপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই রায় তার শক্তিশালী উদাহরণ।রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, আদালতের এই রায় নিশ্চিত করেছে যে, আপনাদের ভুলে যাওয়া হয়নি। আমি আপনাদের কণ্ঠস্বর নিউইয়র্কে, জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেব। সর্বোপরি, আপনাদের নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর।তিনি আরও বলেন, দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এখন সেই ন্যায়বিচার শরণার্থীশিবিরে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে প্রতিষ্ঠা করা দায়িত্ব। ইতিহাস যেন মনে রাখে, ২০২৬ সালের ১৯ নভেম্বর ছিল রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আমাদের অভিন্ন মানবতার কোনো অংশ যেন আর কখনো গণহত্যার শিকার না হয়। আর কখনো নয় এর অর্থ অবশ্যই আর কখনো নয়।বক্তব্য প্রদানকালে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


















