নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আশুলিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ শুক্রবার (২৭ মার্চ) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তাদের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের তিন দিন এবং মিষ্টি সুবাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দেবনাথ বলেন, আজ আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আংশিক রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন বলে প্রমাণ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবঙ এই ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামি এবং ইন্ধনদাতাদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ মার্চ বেলা ১টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতা-কর্মী স্লোগান দেন।
পরে বেলা দেড়টার দিকে রফিকুল ইসলাম ও সিমু আক্তার বৃষ্টিকে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

















