নিজস্ব প্রতিবেদক :
দেশে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা এলো।
মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ অনলাইনে (জুমে) জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পদ্মা অয়েলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, আজ মধ্যরাত থেকে (২৫ মার্চ) নতুন এ দাম কার্যকর হবে।


















