অপরাধচিত্র রিপোর্ট: পটুয়াখালীর উন্নয়ন সম্ভাবনা, জনস্বার্থ, অঞ্চলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং গণমতের প্রতিফলন নিয়ে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
সোমবার সকালে রাজধানীর গুলশানে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে পিজেএফের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান আলতাফ হোসেন চৌধুরী।

মতবিনিময়ে পটুয়াখালীর উন্নয়নকে আরও পরিকল্পিত ও জনমুখী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার অবকাঠামো, জনসেবা, সম্ভাবনাময় খাত এবং স্থানীয় জনগণের প্রত্যাশাকে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীর উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জনমতের গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা ও স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার মতে, একটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মতবিনিময়কালে পিজেএফ নেতৃবৃন্দ পটুয়াখালীর দীর্ঘমেয়াদি উন্নয়নকে সামনে রেখে অঞ্চলভিত্তিক একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা জানান। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এ উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর সহযোগিতা কামনা করলে তিনি এ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পিজেএফ নেতৃবৃন্দ বলেন, পটুয়াখালীর উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা, তথ্যভিত্তিক মতামত এবং বাস্তবসম্মত প্রস্তাব সামনে আনার লক্ষ্যেই সংগঠনটি এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। সাংবাদিক সমাজের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নীতিনির্ধারকদের সামনে তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন পিজেএফ সভাপতি ও বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম, সহ-সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক ও দেশ টিভির স্টাফ রিপোর্টার তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক ও দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর আসাদুজ্জামান সজিব, নির্বাহী সদস্য ও সরেজমিন বার্তার রিপোর্টার রিপন হাওলাদার এবং মুক্তখবরের মাসুদ রানা ঝুমুর।
মতবিনিময় শেষে পটুয়াখালীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।


















