নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে বহুতল ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম মারা গেছেন। পুলিশ জানিয়েছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে খুঁজতে পুলিশ ফ্ল্যাটে গিয়েছিল।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেসের নিজ ফ্ল্যাটের অষ্টম তলায় ঘটে এই ঘটনা।
পরে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক মো. উজ্জ্বল জানিয়েছেন, নজরুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে পুলিশ তার সিদ্ধেশ্বরীর বাসায় যায়। কিন্তু সেখানে তার স্ত্রী রওশন আরা বেগমকে পাওয়া গেলেও তাকে মেলেনি। তার ছেলে দেশের বাইরে থাকেন।
উপপরিদর্শক মো. উজ্জ্বল বলেছেন, বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম পেছনের দরজা দিয়ে বের হয়ে বেলকনির কার্নিশে লুকানোর বা পাশের ফ্ল্যাটে সরে যাওয়ার চেষ্টা করেন। সে সময় অসাবধানতাবশত পা পিছলে বা নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ভবন থেকে নিচে পড়ে যান।
বর্তমানে নিহত নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


















