এহসান উল্লাহ, টেকনাফ থেকে :
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে এলাকার ত্রাস ও শীর্ষ ডাকাতদলের সদস্য মোহাম্মদ তৈয়বের ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ চক্রের আরেক সক্রিয় সদস্য রিদওয়ান এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া বাঘঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রহিম দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধের সাথে জড়িত থাকায় সে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল।
পুলিশ জানিয়েছেন, চক্রের অপর সদস্য রিদওয়ানকে আইনের আওতায় আনতে বর্তমানে বিভিন্ন স্থানে জোরদার অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ডাকাত দলের অন্যান্য সদস্য এবং তাদের গোপন নেটওয়ার্ক সম্পর্কে আরও চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম নোয়াখালীপাড়ার বাঘঘোনা এলাকায় অবস্থান করছেন।
পরে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে ধাওয়া দিয়ে আটক করে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
টেকনাফের উপকূলীয় এলাকায় সন্ত্রাসী, ডাকাত ও মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।


















