কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি বলেন, রমজানের শুরুতে কয়েকটি নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।
আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজারে সব ধরনের পণ্যের দাম এখন স্বাভাবিক রয়েছে। পুরো রমজানজুড়ে বাজার নিয়মিত মনিটরিং করা হবে। অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারবে না।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।
এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
















