Saturday , 8 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ভূমিকম্পের ঝুঁকি কমাতে কঠোর হচ্ছে রাজউক

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 7:43 pm

নিজস্ব প্রতিবেদক :

ভূমিকম্পের ঝুঁকি কমাতে রাজধানী ঢাকার ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবন ধসে পড়ার মূল কারণ শুধু উচ্চতা নয়, বরং ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা ও নির্মাণে অনিয়ম।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান আনসারী।

রাজউক চেয়ারম্যান জানান, একসঙ্গে বিপুলসংখ্যক ভবনের ঝুঁকি নিরূপণ করা সম্ভব নয় বিধায় র‍্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট—এই তিন ধাপে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজউকের সক্ষমতা বাড়াতে একটি পৃথক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় তিনি জানান, অনুমোদিত নকশা লঙ্ঘন করে ছয়তলা ভবনকে দশতলা বানানোর কোনো সুযোগ দেওয়া হবে না এবং নকশাকারক স্থপতি ও প্রকৌশলীদেরও তদারকিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেভেলপারদের প্রতি সহযোগিতার আহ্বান জানান। আইপির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান. দুর্বল ও জলাভূমিতে অপরিকল্পিত আবাসন ও দুর্বল মাটির ওপর ভবন নির্মাণ বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ অতিরিক্ত তলাগুলো দ্রুত পরিদর্শনের অনুরোধ জানান। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালেহ উদ্দিন সমন্বিত প্রস্তুতি ও নিয়মিত মহড়ার ওপর জোর দেন। ডুরার সভাপতি শাহজাহান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি