অপরাধচিত্র ডেস্ক: তিন দিনের সরকারি সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর (ইউএস প্যাসিফিক ফ্লিট)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আয়োজিত এ সফরে তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তার আগমনকে দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতির ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
তাদের মতে, সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টাকেই তুলে ধরছে।
অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি সফরকালে বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, নৌসীমার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
বর্ণাঢ্য নৌসামরিক কর্মজীবনে স্টিফেন কোহলার ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং ফাইটার স্কোয়াড্রন-১৪৩, ইউএসএস বাতান ও বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছেন। এ ছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়া-সংক্রান্ত আন্তর্জাতিক যৌথ অভিযানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ‘অপারেশন ইউনিফাইড রেসপন্স’-এর আওতায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেয়ার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন নৌ অভিযানের দায়িত্বও পালন করেছেন তিনি।
ফ্ল্যাগ অফিসার হিসেবে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।


















