নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) নিয়াজ মেহেদী জানান,আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬:১৫টা থেকে ৬:৩০টার মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহবশত ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে এলাকাটি কর্ডন করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।
খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার প্রকৃত কারণ এবং বস্তুটির উৎস উদঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

















